Views Bangladesh Logo

তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২১ দিনের আন্দোলনের পর প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।


সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাউজানে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের নিজস্ব কার্যালয়ে যান।


উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে চুয়েটে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। এ দাবিতে তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।


শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। ফলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর থেকেই তাঁর ক্যাম্পাসে যোগদান নিয়ে অনিশ্চয়তা ছিল। শিক্ষার্থীদের বিরোধিতা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের কর্মবিরতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এর মধ্যেই সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্যের প্রবেশের ঘটনা ঘটল।


উপাচার্যের কার্যালয়ে প্রবেশের মধ্য দিয়ে চুয়েটের চলমান পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও কর্মবিরতির অবসান হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ