Views Bangladesh Logo

উপাচার্য পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি চুয়েটে

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে অবস্থান নেন তারা। একই দাবিতে শিক্ষক সমিতিও উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেছে। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার কোনো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম হয়নি।

সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পরই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। রাত ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন তারা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে আবার বিক্ষোভ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ করে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে কোনো কারণ না জানিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, ২৭ জুলাই উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক সায়েম অল্প সময়ের মধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তাদের একমাত্র দাবি, তাকে আবার উপাচার্য পদে ফিরিয়ে দিতে হবে।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চুয়েট আইন অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত আসে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ক্লাসে না আসায় একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। প্রশাসনিক ভবনে তালা থাকায় প্রশাসনিক কাজও বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

এদিকে মঙ্গলবার দুপুরে শিক্ষক সমিতিও একই দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের পৃথক কর্মসূচিতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ