Views Bangladesh Logo

চুয়েটে শাটডাউন অব্যাহত, উপাচার্য পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করার পাশাপাশি মূল ফটক বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা।

সকাল ১১টা ২০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নেন। তারা পরিচয়পত্রের নম্বর ও স্বাক্ষর দেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংগৃহীত গণস্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকেও স্বাক্ষর নেওয়া হচ্ছে।

যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, গত ২১ সেপ্টেম্বর কোনো নোটিশ ছাড়াই অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই তারা বিক্ষোভ করেন। পরদিন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করা হয়। আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে এবং স্বাক্ষরগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলেও জানান তিনি।

এদিকে বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা বলছেন, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়। বুধবার দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ