Views Bangladesh Logo

চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, পানিতে নামলেই শাস্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে একে একে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাসের সব পুকুর ও ডোবা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা ও পানিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি এসব পুকুরে নামতে, সাঁতার কাটতে বা পানিতে প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ করলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ হিসেবে গণ্য হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

চুয়েট ক্যাম্পাসে বর্তমানে দুটি পুকুর রয়েছে। এ ছাড়া একাধিক ডোবাও রয়েছে। সম্প্রতি একটি পুকুরে গোসল করতে গিয়ে দুই দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে একই পুকুরে আরও একজন শিক্ষার্থী ডুবে মারা যান।

গত বুধবার (১২ আগস্ট) কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব।

চুয়েট সূত্রে জানা যায়, শান্ত ও চমক বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর মাত্র দুই সপ্তাহ আগে, গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে গিয়ে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। তিনিও বন্ধুদের সঙ্গে পুকুরে নেমেছিলেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ক্যাম্পাসের সব পুকুর ও ডোবায় পানিতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ