Views Bangladesh Logo

জ্বালানি তেল নিতে গিয়ে হামলার শিকার চাকসু নেতা, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এক নেতা। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নেতার নাম মাসুম বিল্লাহ। তিনি চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (৩০ মার্চ) রাত আটটার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন এম আলম ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ মোটরসাইকেলে জ্বালানি নিতে গেলে হঠাৎ কয়েকজন যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর ইফাজ জানান, মাসুম বিল্লাহর চোখের ওপরে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় গুরুতর আঘাত থাকায় তার সিটি স্ক্যান প্রয়োজন হয়েছে।

আহত মাসুম বিল্লাহ দাবি করেন, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি জানান, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে একটি সড়ক দুর্ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে তিনি সহযোগিতা করেছিলেন। সেই ঘটনার জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে তিনি মনে করছেন।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি অভিযোগ করেন, রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ