Views Bangladesh Logo

চবি ছাত্রশক্তি নেতার বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির একটি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংগঠনটির এক নেতার বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতি এক সাংবাদিকের ঘাড় চেপে ধরেন এবং পরে অন্য সাংবাদিকদের সঙ্গেও অসম্মানজনক ভাষায় কথা বলেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় জাতীয় ছাত্রশক্তির আয়োজিত সমাবেশ ও মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, অনলাইন সংবাদমাধ্যম টাইমস টুডে-এর চট্টগ্রাম প্রতিনিধি আরাফাত হোসেন কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন কর্মী তার পরিচয় জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে প্রেস কার্ড দেখানোর প্রস্তুতি নেন। তখন ছাত্রশক্তির নেতা আব্দুল্লাহ আল মাহাতি তার ঘাড় চেপে ধরে ধাক্কা দেন।

আরাফাত হোসেন বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।

ঘটনার প্রতিবাদ জানাতে ও ব্যাখ্যা চাইতে এনপিবি নিউজের প্রতিনিধি শহিদুল ইসলাম মাসুম, চট্টগ্রাম প্রতিদিন-এর প্রতিবেদক আব্দুর রহমান ইমন এবং আরাফাত হোসেন অভিযুক্ত নেতার সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গেও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

আব্দুর রহমান ইমন অভিযোগ করেন, আব্দুল্লাহ আল মাহাতি তাদের সঙ্গে অসম্মানজনক ভাষায় কথা বলেন এবং একপর্যায়ে তাকে ‘তুই’ সম্বোধন করে সেখান থেকে চলে যেতে বলেন।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল্লাহ আল মাহাতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেছেন, রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের সাংবিধানিক ও পেশাগত অধিকার। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ