Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের প্রধান কন্টেইনার টার্মিনাল নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে টানা বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। পরে দুদিন কর্মসূচি শিথিল করা হলেও ফের ধর্মঘটের ডাক দেওয়ায় দেশের প্রধান সমুদ্রবন্দরটি আবারও অচলাবস্থার আশঙ্কায় পড়েছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে- বন্দর সংকটের জন্য দায়ী হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে অবিলম্বে প্রত্যাহার, আন্দোলনকারী শ্রমিক-কর্মচারী নেতাদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার ও তাদের স্ব স্ব পদে পুনর্বহাল, এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানি বন্ধ করা।

নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করে দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। তাদের মতে, চট্টগ্রাম বন্দর ও এনসিটি রক্ষার বিষয়টি দেশের সার্বভৌমত্বের সঙ্গেও জড়িত।

তারা আরও বলেন, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এলে শ্রমিক-কর্মচারী নেতারা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ তাদের দাবিগুলো উপস্থাপন করেন। তবে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত উপদেষ্টার আশ্বাস বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ