চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিনের জন্য স্থগিত
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের চলমান কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি সাংবাদিকদের জানান, রমজান মাসসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী শুক্রবার ও শনিবার কর্মবিরতি স্থগিত রাখা হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে উপদেষ্টা সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে শনিবারের মধ্যে সিদ্ধান্ত না এলে রোববার থেকে আবার কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতেই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তার ভাষায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর থেকেই কর্মসূচি কার্যত স্থগিত থাকবে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। প্রথমে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি শুরু হলেও পরে তা চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে চলতে থাকে। শনিবার থেকে তিন দিন দৈনিক আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে টানা কর্মবিরতিতে যান তারা।
এর ফলে বন্দরে কার্যত অচলাবস্থা তৈরি হয়। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে এসে চার নম্বর গেটের বাইরে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। পরে তিনি সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে