Views Bangladesh Logo

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি ৩ ডিসেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি মঙ্গলবার (৩ ডিসেম্বর) নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান জানান, মঙ্গলবার এই শুনানি মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, জামিন শুনানির তারিখ আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। তবে আইনজীবীদের ধর্মঘট এবং কাজ থেকে বিরত থাকার কারণে বুধবার ও বৃহস্পতিবার এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া সম্ভব হয়নি।

এর আগে, ২৬ নভেম্বর চট্টগ্রামের ষষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা আদালত প্রাঙ্গণে চিন্ময়ের জন্য অপেক্ষমান ভ্যান ঘিরে বিক্ষোভ করেন।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভের সময় পুলিশ স্টান গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চিন্ময়কে হেফাজতে নিয়ে যায়।

বিক্ষোভ চলাকালে আদালত রোডে বেশ কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আদালত মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইনজীবীদের চেম্বারের আশপাশে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন।

চিন্ময়ের জামিন আবেদন নাকচ হয়ার পরপরই তার আইনজীবীরা নতুন শুনানির আবেদন করেন। তবে সেদিন আর কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ