Views Bangladesh Logo

কিশোরগঞ্জের সেই মনু মিয়াকে ওমরাহ হজ করাতে চান চট্টগ্রামের ব্যবসায়ী

কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মনু মিয়া উপহারের লাল ঘোড়া নিতে না চাওয়ায় তাকে ওমরাহ হজ করাতে চান চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

বুধবার (১৪ মে) থেকে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে তার লাল ঘোড়াটি। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী হত্যা করে ঘোড়াটিকে। শুক্রবার (১৬ মে) সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এতে মনে কষ্ট পান মনু মিয়া।

মনু মিয়ার কষ্ট লাঘবে লাল ঘোড়া উপহার দিতে চেয়েছিলেন তরুণ প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এই আগ্রহ নিয়ে মনু মিয়ার সাথে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকার হাসপাতালটিতে ছুটে যান তিনি। মনু মিয়া ঘোড়া নেননি। তবে তার ওমরাহ হজে যাওয়া যাওয়ার আগ্রহ রয়েছে বলে জানান।

নাছির উদ্দিন বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে দেখা করলে মনু মিয়া ঘোড়া নেবেন না বলে জানিয়েছেন। তবে তিনি ওমরাহ হজে যেতে আগ্রহী বলে জানান। আমরা পাঠাব বলে জানালে মনু মিয়া সুস্থ হলে সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন’।

কবর খোঁড়ার ডাক এলে ৬৭ বছর বয়সী মনু মিয়া নিজের চলার সঙ্গী ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়তেন মৃতের বাড়ির দিকে। অর্ধশতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন বিনা পারিশ্রমিকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ