গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অবশ্য জেলা পুলিশের পক্ষ থেকে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জ পৌরসভার বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের সামনে, শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকা, দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের সড়ক, সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী হাইস্কুল কেন্দ্র, দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র ও টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে। সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
গোপালগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, জেলার পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে