Views Bangladesh Logo

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। সকাল থেকেই লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

২৬ মার্চ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো মানুষ স্মৃতিসৌধে আসতে থাকেন। তাদের দেওয়া দেশাত্মবোধক স্লোগান আর গান পুরো পরিবেশকে করে তোলে আবেগঘন। অনেকেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর নীরবতা পালন করেন।

আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে পরিবারসহ আসা আব্দুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই এই দিনে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে স্মৃতিসৌধে এসেছেন।

অন্যদিকে, এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের নিয়ে স্মৃতিসৌধে এসে বলেন, বর্তমান সময়ে স্বাধীনতার চেতনা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মনে করেন তিনি। তাই এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতি তার আবেগ আরও বেশি।

এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন শেষে তারা স্থান ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ