সুরের বন্ধনে দুই বাংলা: উষা উত্থুপ ও সাবরিনা রুবিনের যৌথ সৃষ্টি
বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হয়েছে প্রখ্যাত কবি ও গীতিকার সাবরিনা রুবিন এবং উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী উষা উত্থুপের যৌথ সৃষ্টির মাধ্যমে।
গানটির কথা লিখেছেন ডা. সাবরিনা রুবিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন দেব গৌতম এবং কণ্ঠ দিয়েছেন উষা উত্থুপ। প্রকাশের পর থেকেই গানটি দুই দেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
ডা. সাবরিনা রুবিন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একটি নাম। ইংরেজি ও বাংলা — উভয় ভাষায় সমান দক্ষতার কারণে তিনি বৈশ্বিক পরিসরে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার ইংরেজি কাব্যগ্রন্থ 'লিমিটলেস লাভ' ও 'সাডেন স্প্রিং এগেইন' আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসিত হয়েছে। বাংলায় 'নিষিদ্ধ নির্বাসন' ও 'বিহুঙ্গী' তাকে ব্যাপক পাঠকপ্রিয়তা এনে দিয়েছে। মানসিক স্বাস্থ্যভিত্তিক কবিতায় তার বিশেষ অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি সম্মাননা, মোটিভেশনাল স্ট্রিপস অনার এবং মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ডসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দেশে পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, বাংলাদেশ অ্যাচিভারস অ্যাওয়ার্ড এবং রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২।
অন্যদিকে উষা উত্থুপ ভারতীয় সংগীতজগতের এক জীবন্ত কিংবদন্তি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় থেকে তিনি 'হারি ওম হারি', 'রামবাহু' ও 'ডার্লিং'-এর মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের পদশ্রী ও পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন।
সংগীত বিশ্লেষকদের মতে, এই যৌথ প্রয়াস কেবল একটি গান নয়, দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের এক শক্তিশালী প্রতীক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে