নারায়ণগঞ্জে লোকালয়ে ঘোরাঘুরি করছে কুমির
নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের দেখা মিলেছে। গত শনিবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথম কুমিরটি দেখতে পান। পরে রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা গেলেও পরে পাশের আরেকটি পুকুরে চলে যায়। রোববার দিনভর ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দল পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করেও সফল হয়নি। সোমবার আবারও উদ্ধারের চেষ্টা চালানোর কথা রয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, শনিবার রাতে তিনগাঁও এলাকায় প্রথম কুমিরটি দেখা যায়। পরদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এর উপস্থিতি নিশ্চিত করেন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। কুমিরটি উদ্ধারের চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও কুমিরটিকে লোকালয়ে চলাফেরা করতে দেখা গেছে। ভিডিওতে কয়েকজনকে কুমিরটির পেছনে ধাওয়া করতে দেখা যায়।
বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও সেখানে যায়। তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি।
বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান বলেন, কুমিরটি দেখতে মিঠাপানির বলে মনে হচ্ছে। এ ধরনের কুমির সাধারণত শান্ত প্রকৃতির হলেও বন্য প্রাণী কখন হিংস্র হয়ে উঠবে, তা বলা যায় না। তাই কুমিরটির কাছাকাছি না যাওয়াই নিরাপদ।
তিনি বলেন, কুমিরটি বর্তমানে যে পুকুরে রয়েছে, সেটি কচুরিপানায় পরিপূর্ণ। ফলে এর অবস্থান শনাক্ত করা না গেলে উদ্ধার করা কঠিন হবে।
তিনগাঁওয়ের আশপাশে কোনো নদী নেই জানিয়ে আল মাহমুদ হাসান বলেন, কাছের নদীও অনেক দূরে। ফলে কুমিরটি কীভাবে সেখানে এসেছে, তা তাঁদের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কুমির দেখতে উৎসুক মানুষ যাতে ভিড় না করেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পুকুরে না নামতে, পুকুরের পাড়ে না যেতে এবং শিশু ও গবাদিপশুকে দূরে রাখতে বলা হয়েছে। কুমির দেখা গেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও না করা এবং সেটিকে ধরতে, তাড়াতে বা আঘাত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
মতামত দিন