অবশেষে সরিয়ে নেওয়া হলো খান জাহান আলী মাজারের দীঘির কুমির
তিন দিন আগে এক শিশুকে কামড় দিয়ে টেনে নিয়ে যাওয়ার ঘটনার পর অবশেষে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির একমাত্র কুমিরটিকে অপসারণ করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার রাতে (২ জুন) প্রশাসন কুমিরটিকে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
বুধবার (৩ জুন) সকালে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় পৌঁছে অভিযান শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটিকে দেখা যায়। এরপরই ফাঁদ ও টোপ ব্যবহার করে সেটিকে বন্দি করার চেষ্টা চলে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে কুমিরটিকে নিরাপদভাবে ওপরে তুলে আনা হয় এবং বিশেষ গাড়িতে করে খুলনায় পাঠানো হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।
তিনি বলেন, ‘জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে ।এর ভবিষ্যৎ বা পরবর্তী করণীয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।’
উল্লেখ্য, সম্প্রতি মাজারের দীঘিতে গোসল বা হাত-মুখ ধুতে গিয়ে কুমিরের আক্রমণে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর সাধারণ দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন দ্রুত এই পদক্ষেপ নেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে