কুমিরের মুখে কুকুরের মৃত্যু: কনকচাঁপা বললেন, ‘সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ’
বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দীঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি বলেন, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী হলো মানুষ।
শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন কনকচাঁপা।
ঘটনার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কুমির, কুকুর, হায়েনা, বাঘ-সিংহ কেউ না—এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ।’
তার এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত ৮ এপ্রিল বিকেলে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দক্ষিণ পাশের ঘাট এলাকায় একটি কুকুর পানিতে পড়ে গেলে সেখানে থাকা কুমির সেটিকে ধরে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দিঘীর পাড়ে বসে আছে একটি কুকুর। একপর্যায়ে পানিতে পড়ে গেলে কুমির কুকুরকে টেনে নিয়ে যায়। এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, ঘটনাস্থলে উপস্থিত লোকজন ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে