‘সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা অপরাধ নয়। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে। রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, সংবিধানিকভাবে রাষ্ট্রের কোনো অঙ্গ না হলেও এটি রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
জহির উদ্দীন স্বপন বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানে সীমাবদ্ধ নয়; সেই সত্য জনকল্যাণে কাজে লাগানোও গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা নির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।
তিনি আরও বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মতামত দিন