নতুন ভূমিকায় রোনালদো, অভিনয় ও প্রযোজনায় অভিষেক
ফুটবলের মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন তিনি।
এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এবার দুজনকে দেখা যাবে একই প্রযোজনা উদ্যোগে। ‘ডে ওয়ানস’ নির্মাণ করছে রোনালদো এবং হলিউড নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস। ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের পরিচালক হিসেবে পরিচিত ম্যাথিউ ভন এ প্রকল্পের অন্যতম প্রযোজক।
নতুন উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের নতুন একটি অধ্যায়। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’
সিরিজের পরিচালক ম্যাথিউ ভনও রোনালদোর প্রশংসা করে বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন অসংখ্য গল্প তৈরি করেছেন, যা কল্পনাকেও হার মানায়। এবার সেই গল্প বলার যাত্রায় তাকে সঙ্গী হিসেবে পাওয়া দারুণ বিষয়।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটি আধুনিক পেশাদার ফুটবলের অজানা বাস্তবতা তুলে ধরবে। খেলোয়াড়দের জীবন, এজেন্টদের ভূমিকা, ফুটবলের অর্থনীতি এবং প্রতিযোগিতামূলক পরিবেশকে ঘিরেই আবর্তিত হবে কাহিনি। সিরিজটির মূল ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন। কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস।
ইতোমধ্যে উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ সিরিজটির শুটিং শুরু হয়েছে। বিনোদনবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদো ও অঁরির সম্পৃক্ততার কারণে সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইতোমধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে।
মতামত দিন