অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটর
প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে বলে কড়া বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ বার্তা দেন।
আমিনুল ইসলাম বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম তদারকি করব। তবে একটি বিষয় স্পষ্ট করতে চাই—যারা কোনো অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতেই হবে।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণের পর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বলে অনুভব করছি। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য পালন করতে চাই। দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
চিফ প্রসিকিউটর বলেন, কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হবে। আমাদের মাধ্যমে কারও প্রতি কোনো বিদ্বেষ থাকবে না।
বিচারের গতি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করে আমিনুল ইসলাম বলেন, চলমান বিচার প্রক্রিয়ার গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের উদ্যোগে এ গতি আরও বাড়ানো হবে। দেশের সামগ্রিক অগ্রগতির স্বার্থেই বিচার কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে