Views Bangladesh Logo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রিকেটারদের শোকবার্তা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল প্রচেষ্টা ব্যর্থ করে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। রাজনীতি ও বিনোদন অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান একাধিক ক্রিকেটার।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।’

দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শোক জানিয়ে লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা। রাজনীতির দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ স্মরণ করবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত শোকবার্তা দিয়ে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লেখেন, 'মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাঁকে ক্ষমা করুন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসও শোক প্রকাশ করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ