বাড়লো ক্রিকেটারদের বেতন, বিসিবির স্টান্ডিং কমিটি ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির দ্বিতীয় বৈঠকে পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, স্টান্ডিং কমিটি ঘোষণাসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, আগে ‘এ’ ক্যাটাগরিতে ৩৫ হাজার, ‘বি’-তে ৩০ হাজার এবং ‘সি’-তে ২৫ হাজার টাকা বেতন ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ‘এ’ ক্যাটাগরিতে ৬৫ হাজার, ‘বি’-তে ৫০ হাজার এবং ‘সি’-তে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
নারী ক্রিকেটেও ইতিবাচক পরিবর্তন এসেছে। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং চার দিনের ম্যাচে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে।
বৈঠকে স্টান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। তামিম ইকবাল নিজে ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ বিভাগ দেখবেন। এছাড়া ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল, রফিকুল ইসলাম গ্রাউন্ডস, তানজিল চৌধুরী এজ গ্রুপ, সালমান মার্কেটিং ও ডিসিপ্লিন, রাশনা ইমাম উইমেন্স উইং ও মেডিকেল, ইসরাফিল খসরু ফাইন্যান্স ও ওয়েলফেয়ার, সাইদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি ও টেন্ডার-পার্চেজ, নান্নু টুর্নামেন্ট কমিটি, মির্জা ইয়াসির লজিস্টিক্স এবং আতাহার আলী খান আম্পায়ার কমিটির দায়িত্ব পালন করবেন। তবে আপাতত ক্রিকেট অপারেশনসে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
ঘরোয়া ক্রিকেট দ্রুত মাঠে ফেরানোর ইচ্ছার কথাও জানান তামিম। প্রিমিয়ার লিগ শুরু করতে শিগগিরই সব ক্লাবের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। প্রয়োজনে বেসরকারি একাডেমির মাঠ ভাড়া নিয়েও ম্যাচ আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারকে সহায়তার লক্ষ্যে ওয়ানডে ম্যাচ সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তামিম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে