না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স
ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এবং কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড (গ্যারি) সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মহান ক্রিকেটার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
সংস্থাটি লিখেছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’
ক্রিকেট ইতিহাসে সোবার্সকে অনেকেই সর্বকালের সেরা অলরাউন্ডার, এমনকি সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেও বিবেচনা করেন। ব্যাট হাতে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি বল হাতেও ছিলেন সমান কার্যকর। বাঁহাতি ফাস্ট-মিডিয়াম, অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিন—তিন ধরনের বোলিংয়েই দক্ষ ছিলেন তিনি। পাশাপাশি স্লিপে তাঁর ক্যাচিং দক্ষতাও ছিল অসাধারণ।
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেন ৮,০৩২ রান এবং ৩৪.০৩ গড়ে নেন ২৩৫টি উইকেট।
তার অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্রিকেটে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের জন্য আইসিসির সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননার নাম রাখা হয়েছে 'স্যার গারফিল্ড সোবার্স ট্রফি'।
ক্রিকেটের বাইরেও ছিলেন অসাধারণ ক্রীড়াবিদ। নিজের দেশ বার্বাডোজের হয়ে ফুটবল, বাস্কেটবল ও গলফেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।
সোবার্সের ক্রিকেটীয় বহুমুখিতা আজও অনন্য। তিনি যদি কখনো বল হাতে উইকেট না-ও পেতেন, তবু ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় থাকতেন। আবার ব্যাট হাতে রান না করলেও বহুমুখী বোলার হিসেবে তাঁর নাম ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকত। উইকেটকিপিং ছাড়া ক্রিকেট মাঠে প্রায় সব ভূমিকাতেই তিনি অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেট হারাল এমন এক কিংবদন্তিকে, যাকে অনেকেই খেলাটির ইতিহাসে পূর্ণাঙ্গ ক্রিকেটারের সর্বোচ্চ উদাহরণ হিসেবে বিবেচনা করেন।
মতামত দিন