Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে নারী টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৭ সালের আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন সময়সূচির কারণে আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজটিতে বাংলাদেশের মুখোমুখি হওয়ার পরিবর্তে অস্ট্রেলিয়ার নারী দল সেই নির্দিষ্ট সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর পাশাপাশি আগামী বছরের মার্চ মাসে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে তারা।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরটি জুন-জুলাইয়ের পরিবর্তে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর আইসিসির এই সিদ্ধান্তের পরেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাদের ঘরোয়া আন্তর্জাতিক সূচিতে এই বড় পরিবর্তন আনতে হয়।

সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে নতুন সংশোধিত সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অপরিবর্তিত থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি পুরোপুরি বাতিল করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ