১০ লিটার ডিজেলে এক লিটারই কম, পেট্রোল পাম্প সিলগালা
১০ লিটার ডিজেলে এক লিটার কম দেওয়ার অভিযোগে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা ফিলিং স্টেশনের ছয়টি বুথের চারটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে নিয়ে বিএসটিআই অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রজনীগন্ধা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির ডিজিটাল মেশিনে কারচুপির বিষয়টি জানতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা। এমন তথ্য পেয়ে দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই পেট্রোল পাম্পে অভিযান চালান। এসময় জ্বালানি তেল বিক্রিতে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পাওয়া যায়। এরপর রজনীগন্ধা ফিলিং সেন্টারের অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করে দেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন জেসিনা মোর্শেদ জানান, তাদের কাছে সোমবার দুপুরে খবর আসে রজনীগন্ধা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেলের মাপে কারসাজি করছে। এ খবর পেয়ে তারা বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানে যান। এরপর ১০ লিটার তেল মেপে দেখেন এক লিটার নেই।
বিএসটিআই যশোরের পরিদর্শক রাকিব ইসলাম বলেন, প্রথমবারের মতো এমন হওয়ায় ফিলিং স্টেশনটিকে জরিমানা না করে সতর্ক করা হয়েছে। ফের এ ধরনের অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে