Views Bangladesh Logo

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দেওয়ার আহ্বান সিপিজের

বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এ লক্ষ্যে সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে সিপিজে নতুন সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযোগ থেকে অব্যাহতি এবং ফারজানা রুপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

সংস্থাটি জানায়, এই সাংবাদিকরা ১৮ মাসেরও বেশি সময় ধরে হত্যা মামলায় আটক রয়েছেন। অথচ তাদের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন বা চার্জশিট দাখিল করা হয়নি।

চিঠিতে বলা হয়, প্রায় ৬০০ দিন পেরিয়ে গেলেও আইনগত বাধ্যবাধকতা লঙ্ঘন করে পুলিশ এখনো অভিযোগ প্রমাণে চার্জশিট দিতে পারেনি। আগের সরকারের আমলে এই গ্রেপ্তারগুলো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিশোধ হিসেবে হয়ে থাকতে পারে বলেও সংস্থাটি মনে করে।

চিঠিতে আটক সাংবাদিকদের মানবিক পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শ্যামল দত্ত হৃদরোগ ও গুরুতর স্লিপ অ্যাপনিয়ায় ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। মোজাম্মেল হক বাবু ২০২৩ সালের শেষ দিকে প্রস্টেট ক্যান্সারের বড় অস্ত্রোপচারের পরেও ফলো-আপ চিকিৎসাবঞ্চিত রয়েছেন। এ ছাড়া ফারজানা রুপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ