Views Bangladesh Logo

সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার মুক্তি চাইল সিপিজে

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং তাদের মুক্তির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।

সিপিজে জানায়, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানকে কেন্দ্র করে একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই অভিযানে ৫৮ জন নিহত হন।

ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক এবং মোজাম্মেল বাবু প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। গত ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম দাবি করেন, মোজাম্মেল বাবুর নির্দেশনায় শাপলা চত্বরের অভিযান নিয়ে একাত্তর টেলিভিশনের জন্য নির্মিত একটি প্রামাণ্যচিত্রে ঘটনাটিতে কেউ নিহত হয়নি বলে মিথ্যা দাবি করা হয়েছে।

সিপিজের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মসূচি সমন্বয়কারী কুনাল মজুমদার বিবৃতিতে বলেন, সাংবাদিকতার কাজ করার কারণে ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষের উচিত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতা বন্ধ করা।

সংস্থাটি আরও বলেছে, এ মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট পৃথক হত্যা মামলায় ২০২৪ সালের আগস্ট থেকে তারা কারাগারে রয়েছেন। যদিও ওই মামলাগুলোতে হাইকোর্ট তাদের জামিন দিয়েছিলেন, পরে আপিল বিভাগ সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। সিপিজে জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে আইন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে ই-মেইল পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ