বিমানবন্দরের রানওয়ের জলাবদ্ধতা কমাতে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে বিমানবন্দরসংলগ্ন ১২ নম্বর খাল পুনর্খননের কাজ শুরু করে। একই সঙ্গে কর্ণফুলী নদীতে বিভিন্ন খালের মুখে ড্রেজিং কার্যক্রমও চালানো হচ্ছে, যাতে নগরের বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সেনাবাহিনীর চলমান কাজের কারণে ১২ নম্বর খালের বড় অংশ বন্ধ থাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছিল না। ফলে বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
তিনি বলেন, খালের পাশ দিয়ে একটি বিকল্প (ডাইভারশন) পথ তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে ওই এলাকায় জলাবদ্ধতা অনেকটাই কমেছে।
সচিব আরও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনকে জলাবদ্ধতা নিরসনে সহায়তার অংশ হিসেবেই বন্দর কর্তৃপক্ষ এই খননকাজ পরিচালনা করছে। মাঠপর্যায়ে বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ তদারকি করছেন।
এছাড়া রাজাখালী, চাক্তাই, ফিশারিঘাট, মহেশখালসহ নগরের গুরুত্বপূর্ণ খালগুলোর মুখে গ্র্যাব ড্রেজার ও কাটার সাকশন ড্রেজার দিয়ে জরুরি ভিত্তিতে ড্রেজিং চালানো হচ্ছে। এর ফলে চট্টগ্রাম শহরের বৃষ্টির পানি দ্রুত কর্ণফুলী নদীতে নেমে যেতে সহায়তা করবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
মতামত দিন