অস্ত্রোপচার ছাড়াই ৬ সন্তানের জন্ম দিলেন কক্সবাজারের মরিয়ম
চট্টগ্রামের মেহেদীবাগে ন্যাশনাল হসপিটালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের গৃহবধূ মরিয়ম বেগম। ৩০ বছর বয়সী এই নারী শনিবার (১১ মে) দুপুরে অস্ত্রোপচার ছাড়াই একে একে ছয়টি নবজাতকের জন্ম দেন। নবজাতকদের মধ্যে একজন ছেলে এবং বাকি পাঁচজন মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৮ মিনিটে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসেন মরিয়ম। অল্প সময়ের মধ্যেই, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানার তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবেই জন্ম হয় ছয় শিশুর। এই ঘটনায় চিকিৎসক ও নার্সরাও বেশ বিস্মিত হন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওজনও সন্তোষজনক। তবে বাড়তি সতর্কতার জন্য তাদের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে।
মরিয়ম বেগমের এটি প্রথম সন্তান জন্মদানের অভিজ্ঞতা নয়। এর আগে তিনি এক ছেলে ও এক কন্যার মা হয়েছেন। তবে এবার সন্তানের জন্মের সময় তার স্বামী, প্রবাসী নূর আহমেদ পাশে থাকতে পারেননি। হাসপাতালে তার সঙ্গে ছিলেন বাবা মঞ্জুরুল আলম, যিনি এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
হাসপাতালের ভর্তিবিষয়ক কর্মকর্তা শাহদাত হোসেন জানান, দুপুরে ব্যথা নিয়ে তিনি ভর্তি হন মরিয়ম বেগম। এরপর দ্রুত লেবার কক্ষে নেয়া হয়। নাজনীন ম্যাডামের তত্ত্বাবধানে ছয় শিশুর জন্ম হয়। প্রতিটি শিশুর ওজন মোটামুটি ভালো। আপাতত সবাই এনআইসিইউতে আছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে