Views Bangladesh Logo

হাটে গরু বাঁধা নিয়ে বিরোধে যুবক খুন, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত আরও ১০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পশুর হাটে গরু বাঁধা নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার খাগাইল ও গৌরীনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

নিহত আবুল হোসেন (৩২) গৌরীনগর গ্রামের আকরব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ মে) খাগাইল বাজারের পশুর হাটে গরু বাঁধা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন রাত সাড়ে ১২টার দিকে আবুল হোসেন প্রতিপক্ষের হামলার শিকার হন বলে স্বজনরা দাবি করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দুই গ্রামের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার (তদন্ত) কর্মকর্তা সুজন চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ