কবি নেছার আহমদ জামালকে নিবেদিত ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন
সিলেটে কবি নেছার আহমদ জামালকে নিবেদিত সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দরগা মহল্লার হোটেল সুরমালিকে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি জসিম হেলাল ও ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও ‘চিলেকোঠা’র সম্পাদক মামুন সুলতান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি দিনাজ সৌরভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ইসরাক জাহান জেলী, কবি সারোয়ার ফারুকী ও কবি রাহনুমা শাব্বির চৌধুরী মণি। শুভেচ্ছা বক্তব্য দেন মো. মকবুল আলী এবং সূচনা বক্তব্য দেন কবি জসিম হেলাল।
মুক্ত আলোচনায় অংশ নেন কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি কানিজ আমিনা, কবি মাজহারুল ইসলাম জয়নাল, কবি কবির আশরাফ, কবি মিলন কান্তি দাস, কবি অমিত মামুন, কবি রায়হান ইবনে আমিন, কবি জেসির আরাফাত ও কবি দিনাজ সৌরভসহ অনেকে।
আলোচনায় বক্তারা কবি নেছার আহমদ জামালের কবিতা ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নেছার আহমদ জামাল বাংলা কবিতায় সংবেদনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁর কবিতায় জীবন, সমাজ, মানুষ, প্রকৃতি ও সময়ের নানা অনুষঙ্গ গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
বক্তারা কবিকে নিয়ে ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, একজন কবির সাহিত্যকর্মকে কেন্দ্র করে এ ধরনের প্রকাশনা নতুন প্রজন্মের পাঠকের কাছে তাঁর সৃষ্টিকে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‘চিলেকোঠা’র সম্পাদক কবি মামুন সুলতান বলেন, নেছার আহমদ জামাল আমাদের সাহিত্যভুবনের একজন গুরুত্বপূর্ণ কবি। তাঁর সৃষ্টিশীলতা ও সাহিত্য-অবদানকে পাঠকের সামনে নতুনভাবে তুলে ধরার প্রয়াসেই এই বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই আয়োজন তাঁর সাহিত্যকর্ম নিয়ে আরও গভীর পাঠ ও আলোচনার পথ তৈরি করবে।
অনুষ্ঠানে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনা পর্বে বিভিন্ন কবি, লেখক ও সাহিত্যিক অংশ নেন। পরে আনুষ্ঠানিকভাবে কবি নেছার আহমদ জামালকে নিবেদিত ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথি, কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
মতামত দিন