Views Bangladesh Logo

শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জনকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

অন্য আসামিরা হলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, একই মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা এবং সাবেক সদস্য শফি উল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ১ জুলাই।

মামলাগুলোর শুনানি শেষে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, পাঁচটি মামলায় আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। অন্যটিতে শেখ হাসিনাসহ ১২ জন পলাতক থাকার প্রতিবেদন দেয়া হয়। এরপরই দুদক আসামিদের বিরুদ্ধে গেজেট প্রকাশের আবেদন জানালে অনুমোদন দেন আদালত।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট আত্মসাতের অভিযোগে ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে ১০ মার্চ আরও চারজনকে যুক্ত করে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

দুদক জানায়, জানুয়ারিতে পৃথক ছয়টি মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও আসামি করা হয়। তারা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক।

সব মামলায় অভিযোগপত্র দাখিল এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ