Views Bangladesh Logo

হামে শিশুমৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। এ আবেদনের ওপর আগামী ১২ জুলাই আদেশ দেবেন আদালত।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ভুক্তভোগী শিশুর বাবা সিরাজুল ইসলাম মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করা হয়েছে।

আবেদনে বলা হয়, বাদীর নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে। এছাড়া সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা নিতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায়।

বাদীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এই অবহেলার কারণে দেশজুড়ে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশু আক্রান্ত হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার শামিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ