Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি: দুই আসামি ৫ দিনের রিমান্ডে

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসান শাহাদাত শুনানি শেষে রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর উপপরিদর্শক এনজামুল হক আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত সূত্রে জানা গেছে, সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদের সময় তিনি গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরির কথা স্বীকার করেন। পরে তিনি চুরি করা প্রায় ৮ কেজি ২০০ গ্রাম তামার তার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভাঙারি দোকানে বিক্রি করেছেন বলেও জানান।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে হল-সংলগ্ন একটি ভাঙারি দোকান থেকে রিজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুরান ঢাকার হোসেনী দালান রোড এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

তদন্তকারীরা বলছেন, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ