সাবেক পরিকল্পনামন্ত্রীর জামিন নামঞ্জুর
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
এম এ মান্নানের অনুপস্থিতিতে রবিবার (৬ অক্টোবর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।
বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই সাবেক মন্ত্রী। সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেট কারাগার হাসাপাতালে নেওয়া হয়।
তবে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে এম এ মান্নানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে। এ বিষয়টি নিশ্চিত করেছে কারাগার সূত্র।
জানা গেছে, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আসামি করা হয়। পরে গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে