Views Bangladesh Logo

শেখ পরিবারের জমি জব্দের আদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ রেহানাসহ শেখ পরিবারের সদস্যদের নামে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা জমিগুলো জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

জব্দের আদেশ দেয়া সম্পত্তির মধ্যে রয়েছে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর বারিধারায় থাকা ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের প্লট।

শেখ হাসিনার বোন শেখ রেহানা, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে খুলনার দিঘলিয়ায় থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার মূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা।

শেখ রেহানার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা ১৯ শতাংশ জমি, যার দলিলমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘলিয়ায় থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার দলিলমূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

এসব সম্পদ জব্দের আদেশ চেয়ে করা দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের আবেদনে বলা হয়, অভিযুক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন।

অনুসন্ধানকালে অভিযুক্তদের এ স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। তারা যেন এটি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, সেজন্য তা জব্দের আদেশ দেয়া একান্ত প্রয়োজন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়া হয়। ৫ মার্চ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

এছাড়া কয়েক দফায় পুতুলসহ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত এক হাজার ৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ