শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ একর জমি জব্দের নির্দেশ
শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক এবং তাদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মালিকানাধীন ৩৫৪ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত নির্দেশ দেন, তদন্ত চলাকালে ওই সম্পত্তি হস্তান্তর বা নিষ্পত্তি করা যাবে না।
অবৈধভাবে অর্জিত সম্পদের অভিযোগের তদন্তের অংশ হিসেবে প্রায় এক কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ওই সম্পদ জব্দ করা হচ্ছে বলে জানান দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।
তার আবেদনে আদালতকে জানানো হয়, ড. শফিক সিদ্দিক ও রাদওয়ান মুজিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তদন্তাধীন। তিনি দাবি করেন, সন্দেহভাজন সম্পত্তি হস্তান্তর বা গোপনের চেষ্টা করা হচ্ছে- এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, যা তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে।
আবেদনে আদালতকে জমিটি জব্দের অনুরোধ জানানো হয়, যেন প্রমাণের সঙ্গে কোনো সম্ভাব্য বিকৃতি বা মালিকানার পরিবর্তন না ঘটে, যা তদন্তকে ব্যাহত করতে পারে।
মামলার বিবরণ পর্যালোচনা করে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন বলেও জানান উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে