Views Bangladesh Logo

ত্বকী হত্যা মামলায় ১ জুলাইয়ের মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও ৩০ দিন সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আজ নতুন করে ১ জুলাইয়ের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেন।

আদালতে আজ আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন হাজিরা দেন। অপর দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমান সীমান্ত এখনো পলাতক। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।

বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ জানান, আগের শুনানিতে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিলের অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোনো প্রতিবেদন বা আবেদন না আসায় দ্রুত অভিযোগপত্র দাখিলের আবেদন করা হয়েছে।

ত্বকীর বাবা রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ পর্যন্ত তদন্ত সংস্থা ১০৪ বার সময় নিয়েছে। হত্যাকাণ্ডের ১৩ বছর তিন মাসেরও বেশি সময় পার হয়েছে, তবু তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। গত ২৬ এপ্রিল আরও সময় নেওয়ার সময় তদন্তকারী কর্মকর্তা জানান, প্রতিবেদন তৈরিতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি দরকার। তাঁর প্রশ্ন, সেই অনুমতির জন্যও কি মাসের পর মাস অপেক্ষা করতে হবে?

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ