ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: অভিযুক্ত হিশামকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবু গারবিয়েহকে (২৬) জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) হিলসবোরো কাউন্টি আদালতে সংক্ষিপ্ত শুনানি শেষে এই আদেশ জারি করা হয়।
আদালতের নথি অনুযায়ী, হিশামের বিরুদ্ধে অস্ত্রসহ প্রথম-ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডার আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। তবে প্রসিকিউটররা এখনও চূড়ান্তভাবে মৃত্যুদণ্ডের আবেদন করবেন কি না, তা স্পষ্ট করেননি। শুনানির সময় সরকারি আইনজীবী জেনিফার স্প্র্যাডলি জানান, বিচারাধীন এই বিষয়ে তার দপ্তর এখনই কোনো মন্তব্য করবে না।
তদন্তকারীদের তথ্যমতে, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। তারা পরস্পরকে বিয়ের পরিকল্পনা করছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। লিমন যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানে হিশাম আবু গারবিয়েহ তার রুমমেট ছিলেন।
মোবাইল ফোনের লোকেশন এবং গাড়ির লাইসেন্স প্লেট ট্র্যাকিংয়ের মাধ্যমে গত শুক্রবার সকালে একটি সেতুর কাছ থেকে লিমনের হাত-পা বাঁধা ও ছুরিকাঘাত করা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে রোববার ওই এলাকা সংলগ্ন জলাশয় থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়, যা নিখোঁজ বৃষ্টির বলে ধারণা করা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত সেই মরদেহটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি।
নিহত লিমনের ছোট ভাই জোয়ায়েত আহমেদ স্থানীয় গণমাধ্যম ‘টেম্পা বে টোয়েন্টিফোর’কে জানিয়েছেন, তার ভাই ওই বাসায় ওঠার পর থেকেই রুমমেট হিশাম সম্পর্কে আতঙ্কিত ছিলেন। জোয়ায়েত বলেন, ‘ভাই প্রায়ই বলতেন— লোকটি কেমন যেন, কারও সঙ্গে মেলামেশা করে না। সে কিছুটা সাইকোপ্যাথ প্রকৃতির ছিল। ভাই বিষয়টি বুঝতে পেরেও হয়তো পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেননি।’
সম্প্রতি এ ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষায়িত সোয়াট টিম হিশামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রমের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে