Views Bangladesh Logo

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির অনুমতি

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এর আগে ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ ফ্ল্যাট (ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি, বর্তমানে ১১৩, ১১বি, রোড নম্বর ৭১) অবৈধভাবে দখল ও রেজিস্ট্রি করেন।

গত বছরের জুলাইয়ে আসামি শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে রিট করে তদন্ত স্থগিত চেয়ে আবেদন করলে হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত স্থগিত করে। পরে চেম্বার আদালতে যাওয়া সত্ত্বেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পান।

পরবর্তী তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধি ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পূর্বেও প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে পৃথক তিন মামলায় দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ