রাজউক ও বিজিবির সাবেক কর্মকর্তাদের সম্পদ অবরুদ্ধের আদেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকার, তার স্ত্রী গাজী রেবেকা রওশন, সাবেক বিজিবি প্রধান মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল এবং তার স্ত্রী সোমা ইসলামের ব্যাংক হিসাব ও শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মো. ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্রে থাকা অস্থাবর সম্পদ বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছে বলে দুদকের অভিযোগ। এসব সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে অবরুদ্ধ করা প্রয়োজন।
একইভাবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুল এবং তার স্ত্রী সোমা ইসলামের নামে সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকে থাকা বিভিন্ন হিসাব ও এফডিআর মিলিয়ে মোট ৬ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৬৩ টাকা রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, এসব অর্থ নগদায়ন করে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে দুদকের আবেদনে এসব হিসাবও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। দুদকের পক্ষে আবেদন করেন কমিশনের পরিচালক মো. আবুল হাসনাত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে