Views Bangladesh Logo

চট্টগ্রামের শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড


চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ ছয় টুকরো করার আলোচিত মামলায় আসামি মো. আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির আদেশের পাশাপাশি তাকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পুরো বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ৩৩ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। সেদিন বাড়ির পাশে একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আয়াত। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী আয়াতকে অপহরণ করেছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানান, অপহরণের পর শিশুটিকে নিরাপদে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে চরম নৃশংসতার আশ্রয় নেয় আবীর। সে আয়াতকে শ্বাসরোধে হত্যা করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ কেটে ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

হৃদয়বিদারক এই ঘটনার ১৬ দিন পর অর্থাৎ ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেট এলাকার একটি গর্ত থেকে শিশুটির দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর পরদিন একই এলাকা থেকে আয়াতের খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

তৎকালীন সময়ে এই নৃশংস হত্যাকাণ্ডটি পুরো দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের এই রায়ের মাধ্যমে শিশু আয়াতের পরিবার কাঙ্ক্ষিত বিচার পেল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ