Views Bangladesh Logo

তৃতীয় দফায় রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

সাবেক সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। টানা তৃতীয় দফায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন প্রসিকিউশনের এসআই রুকনুজ্জামান।

সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে পাঁচ দিন এবং পরবর্তীতে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ আবারও নতুন করে রিমান্ড মঞ্জুর হলো।

এদিন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রায়হানুর রহমান চার দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বড় অঙ্কের অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গঠিত সিন্ডিকেটের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তাই আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে বলেন, ইতোমধ্যে দীর্ঘ সময় রিমান্ডে রাখার পরও তদন্তে কী অগ্রগতি হয়েছে, তা স্পষ্ট নয়। এছাড়া আসামির বয়স ও শারীরিক অসুস্থতার বিষয়টিও আদালতের বিবেচনায় আনার অনুরোধ জানান তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি একটি রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, একটি সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি খাতে প্রভাব বিস্তার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি। মামলায় আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ