দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের আলোচিত অপরাধী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র মামলার অন্য চার আসামি—মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফেরও পাঁচ দিন করে রিমান্ড অনুমোদন করা হয়েছে।
এদিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিমের আদালত হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায়ও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া দুটি মামলার একটি হলো চলতি বছরের জানুয়ারিতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিনকে গুলি করে হত্যার মামলা। অন্যটি ৩০ জুলাই দায়ের করা অস্ত্র উদ্ধারসংক্রান্ত মামলা।
এর আগে ৩০ জুলাই ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি ইমনকে ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ইমন ও তার সহযোগীদের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে বিভিন্ন জেলার পুলিশের সমন্বিত অভিযানে নড়াইলের ঝুমঝুম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় রোববার ইমনসহ পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মতামত দিন