আইভীর জামিন আবেদন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জে গৃহকর্মী সেলিম মণ্ডলকে হত্যার ঘটনায় করা মামলায় তিনি জামিন চেয়েছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যা করা হয়। পরে তার ভাই ওয়াজেদ আলী সাতজনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৮০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সামাদ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতে আইভীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এটিই তার বিরুদ্ধে ১১তম মামলা হিসেবে উল্লেখ করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন, এজাহারে তার নাম না থাকলেও প্রায় ১১ মাস পর তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যা হয়রানিমূলক।
তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপন করা হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পান আইভী। তবে আরও পাঁচটি মামলার জামিন আদেশ রাষ্ট্রপক্ষের আবেদনে স্থগিত রয়েছে এবং সেগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আইভীর আইনজীবী জানিয়েছেন, এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে