Views Bangladesh Logo

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম আসামির জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (প্রসিকিউশন) অতিরিক্ত উপকমিশনার মোফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আদালত খারিজ করে দিয়েছেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

সকাল ১০টা ৩০ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের একটি দল আদালতের বারান্দায় ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় তার সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এর আগে, সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন।

গত ৩১ অক্টোবর ফিরোজ খান নামের এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ