Views Bangladesh Logo

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। দুদকের জিআর শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলায় সাকিব আল হাসান ছাড়াও আসামি করা হয়েছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজামকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাবে অবৈধভাবে ধারাবাহিক লেনদেন, প্রতারণামূলক সক্রিয় লেনদেন, জুয়া ও অনুমাননির্ভর লেনদেনের মাধ্যমে শেয়ারবাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে কারসাজি করেছেন—এমন অভিযোগ আনা হয়েছে।

এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এজাহারে সাধারণ বিনিয়োগকারীদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একাধিকবার পেছানোর পর এবার নতুন করে ১৭ নভেম্বর দিন ধার্য হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ