Views Bangladesh Logo

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৯ আগস্ট

২০১৬ সালে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার নির্ধারিত দিনে মামলার তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জাসিতা ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১০১ মিলিয়ন ডলার) চুরি করে।

এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার (৮১ মিলিয়ন) ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)-এর চারটি হিসাবে স্থানান্তর করা হয়। অপরদিকে ২ কোটি ডলার (২০ মিলিয়ন) শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হলেও হ্যাকারদের বানান ভুলের কারণে সেই লেনদেন ব্যর্থ হয়।

পরে ফিলিপাইন থেকে বাংলাদেশ ব্যাংক প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার (১৫ মিলিয়ন) উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ