আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হলেন ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন।
রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সরকারি গেজেট বাতিল করা হয়েছে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগে ভোট বাতিল এবং ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।
এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘আমরা নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ এনে মামলা করেছিলাম এবং আদালতে তাকে মেয়র হিসেবে ঘোষণা করার আবেদন করেছিলাম। আজ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে