আদালতে মমতাজকে দেখে গেয়ে উঠলেন দর্শনার্থীরা, কেউ করলেন গান শোনার আবদার
সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে আদালতে দেখে উপস্থিত অনেকেই তার জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্টা যায়’ গেয়ে ওঠেন। কেউ কেউ আবার শিল্পীর কাছে সরাসরি গান শোনার আবদারও করেন।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজির করা হলে এ দৃশ্যের অবতারণা হয়। আদালতে নেওয়ার সময় মমতাজের মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
আদালত প্রাঙ্গণে উপস্থিত অনেকেই কৌতূহল নিয়ে জানতে চান, ‘উনি কে?’ পরিচয় জানার পর কেউ কেউ মমতাজের জনপ্রিয় গানের কলি ‘বুকটা ফাইট্টা যায়’ গেয়ে ওঠেন। শুনানি শেষে এজলাস থেকে ফেরার সময়ও একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজনকে বলতে শোনা যায়, ‘উনি তো সংসদেও গান গেয়েছেন, এখনো একবার গেয়ে শোনান।’
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক এর আগে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মমতাজ সাবেক সংসদ সদস্য এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
তিনি অভিযোগ করেন, ছাত্র আন্দোলনের সময় মমতাজ তৎকালীন সরকারের পক্ষে ভূমিকা পালন করেছিলেন এবং তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে মমতাজের পক্ষে আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তাদের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং একই দিনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মিরপুর এলাকার সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় সংঘর্ষের সময় মোক্তার হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে তিনি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মমতাজকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
বাংলাদেশের লোকসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।
মতামত দিন