সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদের বিবরণী দুদকে জমা দেননি। তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে। এ অভিযোগে গত বছরের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করে দুদক।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে সমস্যা হতে পারে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ারও আশঙ্কা রয়েছে।
এ কারণে মামলার তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
মতামত দিন